‘কেউ বলে নির্বাচনে যাবে, কেউ বলে প্রতিরোধ করবে’
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নয়, নির্বাচন বানচাল করতে চাইছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিবারই করে, এবারও করেছে। তাদের একটা কথাই শুধু বলে রাখি, সময় ভালো না। ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কেউ বলে নির্বাচনে যাবে, কেউ বলে নির্বাচন প্রতিরোধ করবে। তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে।’
আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর কবিরহাটে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘চারদিকে ষড়যন্ত্র। জনগণের সাড়া না পেয়ে আন্দোলনের পথ ব্যর্থ। বিএনপি এখন তাদের উগ্র সাম্প্রদায়িক দোসরদের নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা সৃষ্টি করার পায়তারা করছে। এই দল আন্দোলনে ব্যর্থ। আজকে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে, ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’
এই প্রস্তুতি সভা শেষে ওবায়দুল কাদের শোক দিবসের দরিদ্র ভোজের স্থান ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক তন্ময় দাস, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। পরে কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আওয়ামী লীগের এই নেতা।

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী