বোমা উদ্ধার আষাঢ়ে গল্প : জামায়াত
জামায়াতে ইসলামীর ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় সরকার মানবাধিকারের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দলটি। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৩ নেতা-কর্মীর কাছ থেকে বোমা উদ্ধার করার কল্পকাহিনী প্রচার করছে। জামায়াতের দুজন কেন্দ্রীয় নেতা, শিক্ষাবিদ ও সাবেক জাতীয় সংসদ সদস্যের কাছ থেকে থেকে বোমা উদ্ধার করার আষাঢ়ে গল্প দেশের মানুষ বিশ্বাস করে না।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার এক বিবৃতিতে এসব অভিযোগ করেন।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের ১৩ জন নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে তাঁদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে।
অধ্যাপক মুজিবুর রহমান ও অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের ১৩ জন নেতা-কর্মীকে সরকার ৭ সেপ্টেম্বর অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। তাঁদের গ্রেপ্তারের কোনো যুক্তি নেই। তাঁদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অন্যায় এবং মানবাধিকারের লঙ্ঘন। সরকার তাদের তিনদিনের জন্য রিমান্ডে নিয়ে তাদের ওপর চরম জুলুম করছে। রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের কাছ থেকে বোমা উদ্ধার করার কল্পকাহিনী প্রচার করছে। জামায়াতের দুজন কেন্দ্রীয় নেতা, শিক্ষাবিদ ও সাবেক জাতীয় সংসদ সদস্যের নিকট থেকে বোমা উদ্ধার করার আষাঢ়ে গল্প দেশের মানুষ বিশ্বাস করে না।
জামায়াতে ইসলামীর নেতাদের গ্রেপ্তার করে সরকার দেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করতে চায়। সরকার এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়িত করতে পারবে না। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
শফিকুর রহমান ১৩ জন নেতা-কর্মীর তিনদিনের রিমান্ড বাতিল করে অবিলম্বে তাঁদের নিঃশর্তভাবে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনলাইন ডেস্ক