রাজশাহীতে মেয়র প্রার্থী দিলেন এরশাদ
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে মহানগর জাতীয় পার্টির (জাপা) সহসভাপতি ও জাতীয় যুব সংহতির মহানগর কমিটির সভাপতি ওয়াসিউর রহমান দোলনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে দলীয় প্রার্থী হিসেবে ওয়াসিউর রহমান দোলনের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এ সময় মহানগর জাপার সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিনসহ আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম জানান, পার্টির চেয়ারম্যান তাদের নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ আওয়ামী লীগ-বিএনপির বৃত্তের বাইরে যেতে চায়। এ জন্য তারা যোগ্য প্রার্থী খোঁজে। রাজশাহীর জাপা নেতা দোলন অবশ্যই একজন যোগ্য প্রার্থী।
সম্প্রতি মহানগর জাপার নেতারা জরুরি সভা করে রাজশাহী সিটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। ওই সভায় প্রার্থী হিসেবে দোলনকে পছন্দ করা হয়। পরে তাঁকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পার্টির চেয়ারম্যানের কাছে প্রস্তাব পাঠানো হয়। এর পরই পার্টির চেয়ারম্যান প্রার্থীকে লাঙল প্রতীক হিসেবে মনোনয়ন দিলেন।
এর আগে গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটির নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান জাপার প্রার্থী এস এম মুশফিকুর রহমান। ভোটের পর পার্টির চেয়ারম্যান তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন। ২০০৮ সালের রাজশাহী সিটি নির্বাচনে মহানগর জাপার তৎকালীন সভাপতি দুরুল হুদা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট পেয়েছিলেন এক হাজার ৭৮৯টি। তবে এবার নির্বাচনে ভালো ফলাফলের ব্যাপারে দারুণ আশাবাদী জাপার স্থানীয় নেতাকর্মীরা।
মহানগর জাপার সাংগঠনিক সম্পাদক সরদার মোহাম্মদ জুয়েল হোসেন বলেন, রাজশাহী পৌরসভা থেকে সিটি করপোরেশন, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর, বিমানবন্দর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্টাল অ্যাকাডেমি, বিভাগীয় স্টেডিয়াম, বাংলাদেশ ব্যাংক ভবন ও রাস্তায় সোডিয়াম বাতি স্থাপন জাতীয় পার্টির আমলে হয়েছে। রাজশাহীজুড়ে রয়েছে পল্লীবন্ধু এরশাদের অবদান। সেই বিবেচনায় রাজশাহীর মানুষ তাঁর প্রার্থীকে ভোট দেবে।
একই কথা বলছেন জাপার মেয়র পদপ্রার্থী ওয়াসিউর রহমান দোলন। তিনি বলেন, নির্বাচন নিয়ে নেতাকর্মীরা উজ্জ্বীবিত। আমরা জয়ী হব। তিনি বলেন, দুপুরে আমি ঢাকায় দলীয় মনোনয়নপত্র হাতে নিয়েছি। আর বিকেলে স্থানীয় নেতারা রাজশাহীতে আমার পক্ষে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র তুলেছেন। আমি ঢাকা থেকে ফিরে মনোনয়নপত্র জমা দেব। তারপর নির্বাচনের মাঠে নামব।

শ. ম সাজু, রাজশাহী