‘দোয়া করবেন যাতে নৌকার মনোনয়ন পাই’
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির কল্যাণে এবং প্রধানমন্ত্রীর সাফল্য ও দীর্ঘায়ু কামনায় এই আয়োজন করা হয়।
আজ রোববার মুন্সীগঞ্জের লৌহজং সরকারি মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আয়োজক মাহবুবে আলম বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে যারা এই আয়োজনে যোগ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দীর্ঘায়ু কামনায় এই আয়োজন। তিন বছর ধরে সমাজের উন্নতির জন্য পথে পথে ঘুরে কাজ করছি। কিন্তু একটি মহল নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, মনোনয়ন কে পাবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। তিনি যাকে নৌকা প্রতীক দেবেন তাঁর জন্যই কাজ করব। কিন্তু বিভিন্নভাবে আমাকে প্রতিহত করা হচ্ছে। আমি মনোনয়ন প্রার্থী হব। আমি ওয়াদা করছি, শুল্কমুক্ত গাড়ি নেব না, সরকারের সুবিধা না নিয়ে সাধারণভাবে জীবনযাপন করব। সন্ত্রাসকে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না। দুই উপজেলায় (লৌহজং ও টঙ্গিবাড়ী) মাদককে মুক্ত রাখাই হবে প্রধান উদ্দেশ্য। মাদকের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমার জীবনে অনেক সুবিধা এসেছে। এখন আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। একটি প্রার্থনা, দোয়া করবেন যাতে মনোনয়ন পাই। শেখ হাসিনার সরকারের উন্নয়ন যাতে অব্যাহত থাকে।
এ সময় উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেলিন, ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালের শিক্ষক সিমিতির সভাপতি আবু ইউসুফ ফকির, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ