ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, নিহত ১
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাদশা মল্লিক (৫৫)। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুরে বাদশা মল্লিক তাঁর বাড়ির পাশের একটি দেবদারু গাছের ডাল কাটতে যান। এক পর্যায়ে ডালটি পাশে থাকা বাঁশের উপর গিয়ে পড়ে। ওই বাঁশটির সঙ্গে বিদ্যুতের যুক্ত ছিল। বাদশা সেটি দেখতে না পেয়ে হাত দিয়ে গাছের ডালটি সরাতে যান। এ সময় তাঁর শরীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে এবং তিনি গাছ থেকে পড়ে যান।
পরে বাদশা মল্লিককে দ্রুত উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমন রায় বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদশা মল্লিক মারা যান। তাঁকে যখন স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় তাঁর আগেই তিনি মারা গেছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর