বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জে শিবালয় উপজেলায় বন্যার পানিতে ডুবে আড়াই বছর বয়সি এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম সাহেলী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম জুবায়ের আহমেদ।
জুবায়েরের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে জুবায়েরদের বাড়ীর চারপাশে বন্যার পানি ঢুকেছে। এরই মধ্যে জুবায়েরের মা জবা বেগম ধান সিদ্ধ করার কাজ করছিলেন। এক পর্যায়ে জবা বেগম রোদে ধান শুকাতে গেলে ঘর থেকে জুবায়ের নিখোঁজ হয়। পরে জুবায়েরের স্বজনেরা তাকে পানিতে খোঁজ করতে থাকে। দুপুর একটার দিকে বাড়ির পাশেই পানিতে জুবায়ের ভেসে ওঠে।
জুবায়েরের বাবা আলমগীর কৃষি কাজ করেন। তাঁর দুই ছেলের মধ্যে জুবায়ের ছোট।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ