‘বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী তারা’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে দেশে প্রথম অস্ত্র ধরেছিল জাসদ, বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ীও তারা।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দলের আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রেক্ষাপট নাকি জাসদ সৃষ্টি করেছে। জাতির এ নেতার খুনের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা ইন্ধনদাতা তাদের সঙ্গে ক্যাবিনেট বানিয়েছেন কীভাবে? তাদের রেখেছেন খালেদা জিয়াকে গালাগাল করার জন্য? জিয়াউর রহমানকে গালাগাল করার জন্য?’
সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে আলোচনা সভায় দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, ‘যে সরকার জনগণ দ্বারা নির্বাচিত হয়নি তারা তো জনগণকে ভয় করবেই। বর্তমান প্রধানমন্ত্রী জনগণকে এত ভয় পান যে উনি জনগণের সামনে যেতে চান না। সর্বশেষ উদাহরণ, ছয়-সাত জায়গায় ব্রিজ আর কালভার্ট উনি উদ্বোধন করলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।’

নিজস্ব প্রতিবেদক