আরো দুই মামলায় রিজভীর জামিন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নাশকতার অভিযোগে আনা আরো দুই মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রোববার এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল হাই।
এর আগে নাশকতার অভিযোগে আনা আরো ১৭ মামলায় জামিন পান রিজভী। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ আগস্ট চিকিৎসার জন্য রিজভীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে আদেশ অনুযায়ী কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে কারা হেফাজতে রিজভী আহমেদকে বিএসএমএমইউতে গত শনিবার আনা হয়।
বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে আনা মামলায় গত ৩০ জানুয়ারি রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর পর বিভিন্ন মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে তাঁকে কয়েক দফা রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অনলাইন ডেস্ক