ঐশীসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আজ বুধবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের হাজির হয়ে সাক্ষ্য দেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেন আদালত।
আজ মামলার কার্যক্রম চলাকালে আদালতে হাজির করা হয় আসামি ঐশী ও ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনিকে। এ ছাড়া জামিনে মুক্ত মামলার আরেক আসামি মিজানুর রহমান রনিও উপস্থিত ছিল।
২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে আরো দুজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের। পরে গত বছরের ৩০ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ মামলায় অভিযোগপত্রের ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্য নিয়েছে রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা