নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা!
ফরিদপুরে নেশার টাকা না দেওয়ায় এক যুবক মোটা লাঠি দিয়ে আঘাত করে তাঁর মাকে হত্যা করেছেন। আজ মঙ্গলবার শহরের উত্তর আলীপুর এলাকার রেল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক আক্কাস শেখ (২৮) আজ সকালে মা আমেনা খাতুনের (৫৫) কাছে নেশার জন্য টাকা চান। টাকা না পেয়ে মায়ের মাথায় মোটা লাঠি দিয়ে আঘাত করেন তিনি। এরপর স্থানীয় লোকজন আমেনাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত আক্কাস শেখ পলাতক আছেন। তাঁকে ধরার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।
ওসি জানান, আক্কাস শেখের বিরুদ্ধে মাদক মামলা চলমান রয়েছে এবং কয়েকদিন আগেই তিনি জামিনে ছাড়া পান।
আমেনা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর