মাদক ব্যবসার দায়ে শ্রীঘরে মামি-ভাগ্নে
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা তালতলা বাজারে মাদক ব্যবসার দায়ে মামি-ভাগ্নেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সকালে এই কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন তালতলা বাজারের মালেকা বেগম (৪০) ও তাঁর আপন ভাগ্নে সাদ্দাম মোল্যা (২৮)।
আজ রোববার সকালে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. শফিউর রহমান মিয়া ও ইউএনও রওশন আরা পলি গুনবহা তালতলা বাজারের একটি মুদি দোকানের পেছনে অভিযান চালান। অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মালেকা বেগম ও সাদ্দাম মোল্ল্যাকে আটক করেন তাঁরা।
পরে ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর