সুন্দরবন থেকে হরিণের চামড়া, কাকড়া ও বাগদার পোনা জব্দ
সুন্দরবনের কালাবগী ও সাতবাড়িয়া এলাকা থেকে হরিণের চামড়া-মাথা, কাকড়া ও বাগদার পোনা জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পশ্চিম সুন্দরবনের কালাবগী খাল ও সাতবাড়িয়া নদীতে কোস্ট গার্ড সদস্যরা আজ শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়া, একটি মাথা, ৫০০ কেজি কাকড়া ও ৫০ হাজার বাগদা মাছের পোনা জব্দ করে।
এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
শনিবার দুপুরে জব্দ করা হরিণের চামড়া ও মাথা বন বিভাগের হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া কাকড়া ও বাগদার পোনা বনের নদী-খালে পুনরায় ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা মাহমুদ বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও প্রজনন মৌসুম চলাকালে অসাধু জেলেরা বেআইনিভাবে কাকড়া ও মাছের পোনা আহরণ এবং চোরা শিকারিরা হরিণের চামড়া এবং মাথা পাচারের উদ্দেশে বনের নদী-খালে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতেই মূলত অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে।


আবু হোসাইন সুমন, মোংলা