ব্লগার রাজীব হত্যা : আরো একজনের সাক্ষ্যগ্রহণ
গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় আরো একজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক সাঈদ আহম্মেদের আদালতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পরিচ্ছন্নকর্মী ইস্কান্দার আলী (৫৬) সাক্ষ্য দেন। ইস্কান্দার আলী ব্লগার রাজীব হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের সময় ডিবি কর্মকর্তাদের সঙ্গে ছিলেন।
সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। সাক্ষ্য গ্রহণের সময় আজ আদালতে সাত আসামিকে কারাগার থেকে হাজির করে রাষ্ট্রপক্ষ।
আসামিরা হলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও মুফতি জসীম উদ্দিন রাহমানী। এ ছাড়া এ মামলায় অপর আসামি রেদোয়ানুল আজাদ রানা পলাতক রয়েছেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজীব বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তদের হাতে নিহত হন। ওই ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
পরে ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় চলতি বছরের ১৮ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিনের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

নিজস্ব সংবাদদাতা