ফরিদপুরে মাইক্রোবাস খাদে, নিহত ১
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পানিতে পড়ে যায়। ওই ঘটনায় নিহত হয়েছেন একজন।
আজ রোববার ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়ায় ওই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন মো. রায়হান শেখ (৪৫) নামের এক ব্যক্তি। তিনি যশোরের কোতোয়ালি থানার ভিকুটিয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহত হন আরো সাতজন। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজামুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি দ্রুত যাচ্ছিল। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইফুজ্জামান জানান, মাইক্রোবাস থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর