বাংলাদেশ উপচে ভরা ঝুড়িতে পরিণত হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উপচে ভরা ঝুড়িতে পরিণত হয়েছে। এখন উন্নয়নের শিখড়ে যাচ্ছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।
এলজিআরডিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিবেচিত হচ্ছে উন্নয়নের রোল মডেল হিসেবে। বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ দুনিয়ার যত আন্তর্জাতিক সংস্থা আছে তারা সবাই উন্নয়নের কথা উঠলেই দেখিয়ে দেয় শেখ হাসিনা এবং বাংলাদেশকে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোর্শারফ আলী প্রমুখ।
এলজিআরডিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ভারত এত বড় একটি দেশ, আগে আমাদের সাহায্য-সহযোগিতা করত। এখন আমরা তাদের বিভিন্ন বিপদের সময়ে সহযোগিতা করে থাকি। শেখ হাসিনা নির্দিষ্ট একটি রোডম্যাপ ধরে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন বলেন, উন্নয়নের খাদে থেকে উঠে এসে আমরা হিমালয়ের শীর্ষে উঠে গেছি। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।
বর্তমান সরকারের নয় বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৮’ আজ থেকে শুরু হয়েছে।
মেলায় সরকারি-বেসরকারি বিভন্ন সংস্থার শতাধিক স্টল স্থাপন করা হয়েছে। মেলার বিভিন্ন স্টলে সরকারের নয় বছরের উন্নয়ন চিত্র প্রদর্শন করা হচ্ছে।

সঞ্জিব দাস, ফরিদপুর