‘ঘুষের টাকাসহ’ গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণের ডিডি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক (ডিডি) মো. নাজমুল কবিরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় উপপরিচালকের অফিসের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় ঘুষের দুই লক্ষাধিক টাকা।
দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে আজ বুধবার বিকেল ৩টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, যশোর শহরের বাসিন্দা মহব্বত আলী টুটুল নামের এক ব্যক্তি সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে শার্শা উপজেলার নাভারণে বাংলা মদের ব্যবসা করেন। কিন্তু তাঁর লাইসেন্স নবায়ন হচ্ছিল না। লাইসেন্স নবায়নের জন্য উপপরিচালক তিন লাখ টাকা ঘুষ দাবি করে আসছিলেন। পরে বিষয়টি দুই লাখ টাকায় রফা হয়। আজ দুপুরে টুটুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিসে গিয়ে উপপরিচালক মো. নাজমুল কবিরের কাছে ঘুষের দুই লাখ টাকা হস্তান্তর করেন। নাজমুল কবির ওই টাকা নিজের ড্রয়ারে রাখেন। এর কিছু সময়ের মধ্যে বিকেল ৩টার দিকে সেখানে দুদক কর্মীরা হানা দেয়।
দুদক পরিচালক বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অফিসে ঢুকে প্রথমেই উপপরিচালকে ড্রয়ারের চাবি নেওয়া হয়। ড্রয়ার খুলে দুই বান্ডিলে দুই লাখসহ আরো কয়েক বান্ডিল টাকা পাওয়া যায়। সোর্সের দেওয়া নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়া যায় যে, দুই বান্ডিলে দুই লাখ টাকা মদ ব্যবসায়ী মহব্বত আলী টুটুলের দেওয়া ঘুষ।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপপরিচালক নাজমুলকে পুলিশ হেফাজতে দেওয়া হবে।

সাইফুল ইসলাম সজল, যশোর