ডাকাতির সময় চার নারীকে ধর্ষণ, আরেক আসামির জবানবন্দি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির সময় চার নারীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার আসামি আবু সামা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এই জবানবন্দি দেন আবু সামা।
সামার পরিকল্পনাতেই ডাকাতির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার মামলার আরেক আসামি মিজান মাতব্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। দুই আসামিকেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তার করে।
গত ১২ ডিসেম্বর কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির পর চার নারীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা কর্ণফুলী থানায় মামলা করতে গেলে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে পাঁচ দিন পর মামলা নেয় পুলিশ।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম