সড়ক দুর্ঘটনায় ইউএনওসহ তিনজন আহত
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হাসানসহ তিনজন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইউএনও মোবাশ্বের হাসানকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন সহকর্মীরা।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান জানান, প্রশাসনিক সভায় যোগ দিতে সালথা থেকে ফরিদপুরে যাচ্ছিলেন ইউএনও মোবাশ্বের হাসান। পথে একটি ভ্যানকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় তাঁকে বহনকারী সরকারি জিপগাড়িটি। এতে ইউএনও, তাঁর গাড়ির চালক হাসমত ও অফিস সহকারী রফিক আহত হয়েছেন।
মোহাম্মদ সাইফুল হাসান আরো জানান, চিকিৎসাধীন মোবাশ্বের হাসানের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে ঢাকায় নেওয়া হবে বলেও জানান তিনি।
ফরিদপুর মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আহত ইউএনও মাথায় ও কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবা দিতে। তবে তাঁকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় পাঠানো হবে।’

সঞ্জিব দাস, ফরিদপুর