ঘুমের মধ্যেই চিরঘুমে এনটিভির শিপলু
যে কোনো বিশেষ দিনে জরুরি প্রয়োজনে মাঠে থাকা এনটিভির প্রতিবেদকদের দেওয়া ভিডিও টেপ কারওয়ান বাজারের কার্যালয়ে পৌঁছে দিতে সিদ্ধহস্ত ছিলেন মো. আতিকুর রহমান শিপলু।
হরতাল, উত্তাল রাজনীতির মাঠ থেকে শুরু করে ঝড়-বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়েও ছুটত শিপলুর মোটরসাইকেল। অফিসের প্রয়োজনে জরুরি পার্সেল, চিঠি, ভিডিও টেপ তিনি পৌঁছে দিতেন যথাযথ গন্তব্যে।
ছুটে চলা এই মানুষটার জীবনপ্রদীপ আজ বৃহস্পতিবার নিভে গেছে। মাত্র ৩২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই শিপলু চলে গেছেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগে রানার হিসেবে কর্মরত ছিলেন মো. আতিকুর রহমান শিপলু। আজ ভোর ৬টায় রাজধানীর পূর্ব নাখালপাড়ার বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপলুকে মৃত ঘোষণা করেন।

শিপলুর মৃত্যুতে এনটিভি পরিবারে নেমে আসে গভীর শোক।
দুপুরে নাখালপাড়া মসজিদে শিপলুর প্রথম জানাজা হয়। এরপর আসরের নামাজের পর শিপলুর মরদেহ আনা হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল এনটিভির কার্যালয়ে। কারওয়ান বাজারে বিএসইসি ভবনের নিচে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।
জানাজায় অংশ নেন এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ, হেড অব প্রোগ্রাম মুস্তাফা কামাল সৈয়দ, হেড অব নিউজ খায়রুল আনোয়ার মুকুল, হেড অব এনটিভি অনলাইন ফকরউদ্দিন আহমেদ জুয়েল, এনটিভির চিফ নিউজ এডিটর জহিরুল আলমসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মীরা।
জানাজা শেষে আজই শিপলুকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক