বাবার গলা কেটে দিল ‘মাদকাসক্ত ছেলে’
ফরিদপুরের সালথা উপজেলায় গলাকেটে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির মাদকাসক্ত ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ওয়াহেদ মোল্লা (৭৫)।
এ ঘটনার পর পরই জনতা ওয়াহেদ মোল্লার ছেলে কালা মোল্লাকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে বলে জানান সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফায়েকুজ্জামান।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, রাতে বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়েছিলেন। মাঝরাতে কাঁচি দিয়ে ওয়াহেদ মোল্লার গলা কাটার চেষ্টা করা হয়।
গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াহেদ মোল্লাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সঞ্জিব দাস, ফরিদপুর