ভাষাসংগ্রামী কমরেড তকীয়ূল্লাহ আর নেই
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে ভাষাসংগ্রামী কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তকীয়ূল্লাহর মৃত্যু হয়।
সিপিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমরেড তকীয়ূল্লাহর বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কয়েকদিন ধরে তাঁকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিবির কেন্দ্রীয় কমিটি।
কমরেড তকীয়ূল্লাহর লাশ আজ বিকেল ৪টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে নীলক্ষেতের বাবুপুরায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

অনলাইন ডেস্ক