অর্থ আত্মসাতের মামলায় সাবেক অডিটর গ্রেপ্তার
সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে করা মামলায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক কনিষ্ঠ অডিটর মো. শামসুল হককে (৫৭) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লা থেকে শামসুলকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত শামসুল হক রাজবাড়ী সদরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। তিনি সর্বশেষ রাজবাড়ীর পাংশা উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর হিসেবে কর্মরত ছিলেন।
দুদক সূত্রে জানা যায়, শামসুল হক ২০০২ সালের ১৮ মে থেকে ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত বালিয়াকান্দির হিসাবরক্ষণ কার্যালয়ে অডিটর (নিরীক্ষক) পদে কর্মরত ছিলেন। চাকরিরত অবস্থায় দুটি ভুয়া প্রভিডেন্ট ফান্ডের (ভবিষ্যৎ তহবিল) মাধ্যমে সরকারি ১৭ লাখ ৩৭৮ হাজার টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে ১৩ জুলাই বালিয়াকান্দি থানায় দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা করেন দুদকের ফরিদপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) শামসুল আরিফিন।
ওই মামলার পর থেকে শামসুল হক আত্মগোপনে যান। একই সময়ে তাঁকে বরখাস্তও করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের ফরিদপুরের উপপরিচালক ফজলুল হক বলেন, এর আগে পাংশায় একইভাবে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক শামসুলের বিরুদ্ধে আরেকটি মামলা করেছিল। গত অক্টোবরে ওই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর