ঢাকা-চট্টগ্রাম রুটে শিগগিরই বুলেট ট্রেন : রেলপথমন্ত্রী
রেলপথমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম রুটে সরকার শিগগিরই বুলেট ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে।
আজ বুধবার কুমিল্লায় একটি হোটেলে আয়োজিত আয়করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রেলপথমন্ত্রী এ কথা জানিয়েছেন।
রেলপথমন্ত্রী বলেন, ‘সেবার মানোন্নয়নে সরকার রেল খাতে ১৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীতে মেট্রোরেল সার্ভিসের পাশাপাশি এবার ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে এবং খুব শিগগির তা বাস্তবায়ন শুরু হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার ড. সামস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক মো. আসাদ উল্লাহ।
অনুষ্ঠানে রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খান কর বাহাদুর পরিবারের হাতে সম্মাননা তুলে দেন। এ ছাড়া নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার নির্বাচিত সেরা করদাতারা অনুষ্ঠানে বক্তব্য দেন। ছয় জেলায় ছয়জন কর বাহাদুরসহ ৫৫ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা