ফরিদপুরে বিএনপির অঙ্গসংগঠনের মিছিলে পুলিশের বাধা
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের কবি জসিমউদদীন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্বাধীনতা চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ।
এদিকে, একই সময় ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাররিজ, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সেলিম হোসেন প্রমুখ।
এ ছাড়া দুপুর ১২টার দিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনের নেতৃত্বে শহরের থানা মোড়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড়ের সামনে গেলে পুলিশ বাধা দেয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাররিজ।

সঞ্জিব দাস, ফরিদপুর