বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব অনু মারা গেছেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম নূরুল ইসলাম অনু মারা গেছেন।
আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই আওয়ামী লীগ নেতা। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলে এ এম নূরুল ইসলাম অনুকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
এ এম নূরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া বঙ্গবন্ধুর এই ব্যক্তিগত সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে অনুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক ও দক্ষ সংগঠককে হারিয়েছি।’
শেখ হাসিনা প্রয়াত অনুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অনলাইন ডেস্ক