সাতকানিয়ায় পুরোহিত, তাঁর স্ত্রীর লাশ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়ায় পুরানগড় এলাকার নিজ বাড়ি থেকে মন্দিরের পুরোহিত ও তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ফকিরখিল এলাকার মন্দির থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রী ঝিনু দে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ দুটির শরীরে কোনো দাগ নেই। বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। লাশগুলো উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম মাহবুবুল হক বলেন, নিহত দম্পতির দুই ছেলেমেয়ে চট্টগ্রাম শহরে থাকেন। ঘটনা শুনে তাঁরা হাসপাতালে গেছেন। তিনি আরো বলেন, মন্দিরে পূজা দিতে অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন নিহত স্বপন দে। ঋণদাতারা বাড়ির সামনে এসে কাঁদছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মন্দিরের পুরোহিত স্বপন দে এ মন্দিরের পাশে প্রায় একযুগ ধরে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
পুলিশের ধারণা, বিভিন্নজনের কাছ থেকে ১০-১২ লাখ টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ায় আত্মহত্যা করেছে ওই দম্পতি।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম