ফরিদপুরে ইলিশ ধরায় ৪১ জেলের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৪১ জেলেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ মণ ইলিশ ও আট লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
শুক্রবার ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, শুক্রবার ভোর থেকে সদরপুর উপজেলার চর নাসিরপুর, দিয়ারা নারিকেলবাড়িয়া, ঢেউখালী ও আকুটের চরসহ পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেদের বিভিন্ন ট্রলার থেকে ১২ মণ ইলিশ জব্দ এবং আট লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর মাছগুলো সদরপুরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর