২০২১ সালের মধ্যেই আইটি সেক্টরে ২০ লাখ লোকের কর্মসংস্থান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী তিন বছরে দেশের তথ্যপ্রযুক্তি সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে তিন লাখ তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তোলা হবে। আর ২০২১ সালের মধ্যে আইটি সেক্টরে ২০ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হবে।
পলক বলেন, আইটি সেক্টরে দক্ষতা অর্জন করলে কর্মসংস্থান নিয়ে কাউকে চিন্তা করতে হবে না।
আজ বৃহস্পতিবার সকালে যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে আয়োজিত চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
যশোরে প্রথমবারের মতো আয়োজিত চাকরি মেলায় সকাল থেকেই হাজার হাজার তরুণ-তরুণী ভিড় করেন। মেলায় দেশের শীর্ষস্থানীয় ৩১টি আইটি প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী এ মেলা চলাকালে আইটি পার্কের ছয়টি অডিটোরিয়ামে আলোচনা সভা, গোলটেবিল বৈঠক ও কর্মশালার আয়োজন করা হয়। চাকরিপ্রার্থীদের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।

সাইফুল ইসলাম সজল, যশোর