সরকারি ৫০০ অ্যাপস উদ্বোধন
দেশের তরুণদের হাতে তৈরি তথ্য, সেবা ও সৃজনশীল ধারণাসমৃদ্ধ সরকারি ৫০০ মোবাইল অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এসব মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার একটি পর্যায়ে এসেছে।
জয় বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের একটি পর্যায়ে পৌঁছেছে। আমাদের হাতে অর্থায়নের সীমিত সুযোগ সত্ত্বেও আমরা প্রকল্প গ্রহণ করছি। সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকায় দেশ এগিয়ে যাচ্ছে, যুবকরা লাভবান হচ্ছে, তারা চাকরি পাচ্ছে।’
আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং এথিকস অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের (ইটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদের শেষ নাগাদ দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।
‘দেশকে এগিয়ে নিতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, কাজ এগিয়ে চলছে। আমাদের অনেক স্বপ্ন আছে। আমরা দেশের সাতটি বিভাগের প্রত্যেকটিতে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলব। বর্তমানে আমাদের ছয়টি সাবমেরিন ক্যাবল আছে। এতে গ্রাহকরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার সম্মুখীন হবেন না।’
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, এই অর্জন সম্ভব হয়েছে, বর্তমান সরকার আইসিটি খাতের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়ায়।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতন্ত্র পেয়েছি এবং নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছি। সজীব ওয়াজেদ জয়ের আন্তরিক প্রচেষ্টায় তাঁর নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ অর্জন করব।’
৫০০ মোবাইল অ্যাপসের মধ্যে ৩০০টি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার তথ্য ও সেবা নিয়ে এবং বাকি ২০০ অ্যাপস প্রতিযোগিতামূলক কার্যক্রমের মধ্যে পাওয়া সৃজনশীল ধারণার ভিত্তিতে তৈরি হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে আজ রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে সরকারি ৫০০ মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ছবি : ফোকাস বাংলা নিউজ

অনলাইন ডেস্ক