ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার
সরকারের নীতি তৃণমূলে পৌঁছানোর লক্ষ্য
সরকারের নীতি, কর্মসূচি ও কার্যক্রমের বিষয়ে বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, ৩০ জুলাই পর্যন্ত এই জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারকরা সরকারের পলিসি, কর্মসূচি, কার্যক্রমের বিষয়ে একটি বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবেন। মোট ৩৯টি মন্ত্রণালয়ের ২৫৩টি প্রস্তাব নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে। সম্মেলনে মোট ২২টি কর্ম অধিবেশন হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনের পর বাকি অধিবেশনগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সম্মেলনের কর্মসূচি বিষয়ে সচিব বলেন, ‘এই সম্মেলনের প্রতিটি অধিবেশনে দুই বা ততধিক মন্ত্রণালয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। মাঠ পর্যায়ে কর্ম সম্পাদন করার সময় জেলা প্রশাসকরা যেসব আইনগত, প্রশাসনিক, আর্থিক কিংবা অন্য চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং যেসব সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ রয়েছে সেগুলো সরাসরি আলোচনা করা হবে। মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবদের উপস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগোর সদ্ব্যবহার নিয়ে আলোচনা হবে। এ ছাড়া মন্ত্রণালয় ও বিভাগগুলোর অনুসৃত নীতি-কৌশল ও বৃহত্তর উন্নয়নমূলক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসকদের ধারণা দেওয়া হবে। সরকারের নীতি ও কর্মসূচির দ্রুত বাস্তবায়ন এবং নাগরিক সেবার মান উন্নয়নে জেলা প্রশাসকদের তাগিদ দেওয়া হবে।’
সম্মেলনের উদ্বোধনীর পরে প্রধানমমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকরা একান্তে আলোচনা করবেন বলেও জানান মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
এ ছাড়া সম্মেলনের দ্বিতীয় দিন দুপুরে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।

নিজস্ব প্রতিবেদক