তুচ্ছ ঘটনায় ঠিকাদারকে পিটিয়ে হত্যা!
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর চরপাড়ায় এক ঠিকাদারকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ঠিকাদারের নাম রাসেল খলিফা (৩২)।
রাসেল এলাকার হারুন-অর-রশিদ খলিফার ছেলে। নিহত ঠিকাদারের চাচা মো. মতিয়ার রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাসেলদের বাড়ির সামনের রাস্তায় লাকড়ি রাখেন পাশের চতর খাড়াপাড়ার ওয়াজেদ মোল্যার ছেলে কাঠ ব্যবসায়ী সোহেল মোল্যা। রাসেল সেগুলো সরিয়ে নিতে বলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন রাতে সোহেল লোকজন সাথে নিয়ে রাসেলদের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক লাঠিপেটা করে। আহত অবস্থায় প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার সকালে রাসেল মারা যান।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপজেলার জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সৈয়দ তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছেন।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর