ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদের পর দ্বিতীয় কার্যদিবস আজ মঙ্গলবার সকালে বাস টার্মিনাল, রেলস্টেশনগুলোতে মানুষের ভিড় দেখা যায়।
সদরঘাট লঞ্চ টার্মিনালে রাজধানীতে ফেরা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, যাঁরা ফিরেছেন, তাঁদের ঈদ আনন্দের সুখস্মৃতির পাশাপাশি ছিল স্বল্প সময়ের মধ্যে স্বজনদের ছেড়ে আসার হতাশা। একই অবস্থা কমলাপুর রেলস্টেশনেও। ভোরে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসতে শুরু করে একেকটি ট্রেন। যাঁরা সরকারি ছুটির সঙ্গে খুব বেশি বাড়তি ছুটি নিতে পারেননি, তাঁদেরই মূলত ঢাকায় ফিরতে দেখা গেছে। এবার ফিরতি পথে মহাসড়কে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নেই রাজধানীতে ফিরতে পেরেছেন বলে জানান অনেকে। তবে গেল রাতের ভারি বৃষ্টিতে স্টেশনের সামনের রাস্তার জমে থাকা পানি ভোগান্তিতে ফেলেছে ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষকে।
গত শনিবার ছিল পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে তিন দিন সরকারি ছুটির পর খুলতে শুরু করেছে সরকারি-বেসরকারি সব কার্যালয়। এর ফলে কয়েক দিন ধরে ফাঁকা ঢাকা প্রাণ ফিরে পেতে শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক