চট্টগ্রামে অসুস্থ পশু কেনাবেচা তদারকি করবেন চিকিৎসকরা
চট্টগ্রাম প্রেসক্লাবে আজ শনিবার সকালে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছবি : এনটিভি
ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে যে পশুর হাট বসেছে সেখানে চিকিৎসাসেবা দিতে শুরু করেছেন ভেটেরিনারি চিকিৎসকদল।
আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম মহানগর ও জেলায় এবার ১৯৬টি পশুর হাট বসছে। আজ থেকে এসব হাটে পশু চিকিৎসকদের তিন থেকে সাত সদস্যবিশিষ্ট ১৬৭টি দল কাজ শুরু করছে। দায়িত্ব পালনকালে তাঁরা হাটের পশুদের ছোটখাটো রোগের চিকিৎসা দেবেন। পাশাপাশি মানুষের খাবার অনুপযোগী গুরুতর অসুস্থ পশু যেন কেনা বেচা যায় সেসব বিষয়েও নজরদারি করবেন।
পরে চিকিৎসা সহায়তায় পরিদর্শনের জন্য ভ্রাম্যমাণ একটি ভ্যানের উদ্বোধন করেন প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় উপপরিচালক ডা. মো. শহীদ উল্লাহ।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম