ফরিদপুরে গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ
ফরিদপুরের মধুখালী উপজেলার স্বরূপপুর গ্রামে গৃহবধূকে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বাশুড়ি ও ননদকে আটক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম শিরিনা বেগম আর্জিনা।
নিহত আর্জিনার বাবা নবিয়াল শেখের ভাষ্য, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আর্জিনার ওপর অত্যাচার করতেন তাঁর স্বামী মুরাদ শেখ ও পরিবারের অন্য সদস্যরা। রোববার রাতে তাঁকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন তাঁরা।
তবে আর্জিনার শ্বশুরবাড়ির লোকজন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, আর্জিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সোমবার দুপুরে খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এসআই মনিরুজ্জামান।

সঞ্জিব দাস, ফরিদপুর