ফরিদপুরে শোক দিবসের তোরণ ভাঙচুর
ফরিদপুরে মধুখালী উপজেলার মাঝকান্দি ও বাগাট বাজার এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মাণ করা দুটি তোরণ ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ তোরণ দুটি নির্মাণ করিয়েছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মির্জা আহসানউজ্জামান আজাউল।
মির্জা আহসানউজ্জামান আজাউল জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই শ্রমিক মাঝকান্দি এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে তোরণ নির্মাণকাজ সম্পন্ন করছিল। এ সময় ওই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের নেতৃত্বে তিন-চারজন সেখানে উপস্থিত হয়ে তোরণে ব্যবহৃত ব্যানার ছিঁড়ে ফেলেন।
মির্জা আহসানউজ্জামান আজাউল আরো জানান, শোক দিবসের ওই ব্যানারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রাসেলসহ ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের ছবি ছিল। এর আগে উপজেলার বাগাট বাজার এলাকায় নির্মাণ করা আরেকটি তোরণ ভাঙচুর করা হয়। ওই তোরণ কে ভেঙেছে তা জানাতে পারেননি কেউই।
এদিকে তোরণ ভাঙার এ অভিযোগ অস্বীকার করেছেন মধুখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুশা। মুশা জানান, এলাকায় তোরণ নির্মাণ করা হবে আর স্থানীয় আওয়ামী লীগের কেউ জানবে না, সেটা ঠিক না।
এদিকে শোক দিবস উপলক্ষে নির্মিত ওই তোরণ ভাঙচুর প্রসঙ্গে তোরণের শ্রমিক মো. রিপন শেখ জানান, কাজ শেষ পর্যায়ে যখন নেমে আসছিলাম, এ সময় কয়েকজন লোক এসে গালাগাল করেন এবং একপর্যায়ে তাঁরা তোরণে লাগানো ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন।

সঞ্জিব দাস, ফরিদপুর