ঈদের কার্ড বিনিময় করলেন দুই নেত্রী
ঈদের কার্ড বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকালে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনাকে কার্ড পাঠিয়েছেন খালেদা জিয়া। আর দুপুরে খালেদা জিয়াকে ঈদকার্ড পাঠিয়েছেন শেখ হাসিনা।
আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের দুই সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন ও শামীমুর রহমান শামীম আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে ঈদকার্ড নিয়ে যান। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সেকান্দার হোসেনের হাতে খালেদা জিয়ার পাঠানো ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়।
দুপুরে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে শেখ হাসিনার ঈদকার্ড পৌঁছে দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। দুপুর ১টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ওয়াহিদুর রহমানসহ একটি প্রতিনিধিদল ঈদকার্ড নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান। খালেদা জিয়ার পক্ষে ঈদকার্ড গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব।

নিজস্ব প্রতিবেদক