ফরিদপুরে বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ
ফরিদপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ অভিযোগ করেছেন।
দলীয় সূত্র জানায়, আজ রোববার বিকেল ৫টায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের ধলারমোড়ের উদ্দেশে রওনা হন চৌধুরী কামাল। অনুষ্ঠানস্থলের এক কিলোমিটার দূরে বেড়িবাঁধে পুলিশ তার গাড়ি আটকে দেয়। এ সময় সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় নেতাকর্মীদের। পরে সেখানেই এক পথসভায় বক্তব্য দেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাফর হোসেন বিশ্বাস, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।

সঞ্জিব দাস, ফরিদপুর