রাজশাহী-ঢাকা রুটে ডানা মেলল ‘ইউএস-বাংলা’
রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে এবার চালু হলো বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর দ্বিতীয় এয়ারলাইন্স হিসেবে এ সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আজ শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে প্রথম ফ্লাইটে ৭৮ জন যাত্রী নিয়ে রাজশাহীতে উড়ে আসে ইউএস-বাংলার বিমান। বিকেল ৪টা ২৫ মিনিটে ২৬ জন যাত্রী নিয়ে ঢাকায় উড়াল দেয় ফিরতি ফ্লাইট।
ইউএস-বাংলার রাজশাহী স্টেশন ইনচার্জ বাদল কুমার রায় এনটিভি অনলাইনকে জানান, এখন থেকে সপ্তাহে তিনদিন রাজশাহী-ঢাকা রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে এই বেসরকারি বিমান সংস্থা।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের কর্মকর্তা শেখ সাদী শিশির জানান, রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহের সোম, বুধ ও শনিবার ফ্লাইট পরিচালনা করবে ইউ-এস বাংলা। নির্ধারিত দিন বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে নির্দিষ্ট ফ্লাইট। রাজশাহীতে পৌঁছাবে ৩টা ৫০ মিনিটে। রাজশাহী থেকে ৪টা ১০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টা ৫০ মিনিটে।
বর্তমানে সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর গত ৭ এপ্রিল রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে চলাচল শুরু করে বাংলাদেশ বিমানের ফ্লাইট।

শ. ম সাজু, রাজশাহী