চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর একটি বাড়ি থেকে ভারতীয় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক শিক্ষার্থীকে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর আকবর শাহ থানা পুলিশ ফয়’স লেক এলাকার বিলকিস ম্যানশন নামের একটি ভবন থেকে হতাহত ওই দুজনকে উদ্ধার করে।
নিহত ভারতীয় শিক্ষার্থীর নাম আতিফ শেঠ। আর আহত শিক্ষার্থীর নাম উইলসন। তাঁরা দুজনই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষার্থী।
আহত উইলসনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আকবর শাহ থানার কর্তব্যরত কর্মকর্তা জাকির হোসেন ভূঁইয়া জানান, আতিফ শেঠ ও উইলসন ভারতীয় নাগরিক। তাঁরা ওই বাসায় ভাড়া থেকে লেখাপড়া করতেন। শুক্রবার রাতে দুজনই মদ পান করেন। একপর্যায়ে ওই কক্ষ থেকে চিৎকার শুনে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় মেঝে থেকে আতিফ শেঠ ও ঝুলন্ত অবস্থায় উইলসনকে উদ্ধার করে। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আতিফ শেঠকে মৃত ঘোষণা করেন।
জাকির আরো জানান, আহত উইলসনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আতিফ শেঠের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম