স্বতন্ত্র বেতন স্কেলের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছেন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে তাঁরা একটি লিখিত দাবি তুলে ধরেন। এতে তাঁরা স্বতন্ত্র বেতন স্কেল প্রর্বতন ছাড়াও বৈষম্য দূরীকরণ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদমর্যাদা সবার ওপরে রাখার দাবি জানান।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের উপাচার্য খালেদা একরামসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। একই দাবিতে কিছুদিন আগে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও স্মারকলিপি দেন শিক্ষকরা।
শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকদের এ দাবি যৌক্তিক। তাঁদের বেতন-ভাতা বাড়ুক এবং মর্যাদা বৃদ্ধি হোক- এটি আমিও চাই।’ এরই মধ্যে শিক্ষকদের এ দাবির বিষয়টি প্রধানমন্ত্রীকে অভিহিত করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী শিক্ষকদের মর্যাদা সমুন্নত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এম এ নোমান