দুদকের মামলায় এলজিইডির প্রকৌশলীর কারাদণ্ড
৩৯ লাখ টাকা আত্মসাতের মামলায় কুমিল্লায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রায় দেন। সর্বশেষ হারুনুর রশিদ ঢাকা এলজিইডির সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশালের মুলাদী উপজেলার চর বিজলী গ্রামের বাসিন্দা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লার উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, কুমিল্লা এলজিইডির ল্যাবে নির্মাণসামগ্রী পরীক্ষার আদায় করা ফিয়ের ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেন হারুনুর রশিদ। এ ঘটনায় দুদক ঢাকার উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০১৩ সালের ২২আগস্ট কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুদক ঢাকার উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস মামলা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন।
বুধবার দুপুরে কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক হারুনুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন দুদকের আইনজীবী আশফিকুর রহমান। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আবদুল মমিন ফেরদৌস এবং তাইফুর আলম।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা