ফরিদপুরে বেলুন উড়িয়ে এনটিভির জন্মদিন উদযাপন
ফরিদপুরে উদযাপিত হলো দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল উপস্থিত ছিলেন। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা দেশের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তাঁরা বলেন, শুধু বিনোদনই নয়, এনটিভি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় অবিচল থেকে দর্শক-শ্রোতা নন্দিত চ্যানেলে পরিণত হয়েছে। চ্যানেলটি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে বলেও অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, আসমা আক্তার মুক্তা, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, মিজানুর রহমান মানিক, মশিউর রহমান খোকন, এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন ধরনের মৌসুমি ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর