মুঠোফোন টাওয়ারের ব্যাটারি চুরি করে নৈশপ্রহরীকে হত্যা!
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী কালীবাড়ি এলাকার একটি মুঠোফোন টাওয়ার থেকে আটটি ব্যাটারি চুরি হয়েছে। চোরেরা টাওয়ারের বৃদ্ধ নৈশপ্রহরীকেও হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আবদুল ওহাব (৭৫) ঝিকরগাছা উপজেলার বায়সা গ্রামের বাসিন্দা। আজ রোববার সকালে স্থানীয় লোকজন তাঁকে মৃত অবস্থায় ওই টাওয়ারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, শনিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে টাওয়ারে যান আবদুল ওহাব। সকালে স্থানীয় লোকজন তাঁকে মৃত দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
ওসি বলেন, যেহেতু ওই মুঠোফোন টাওয়ারে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। তাই চোরেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে। আবার লাশের শরীরে আঘাত বা অন্য কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পরই বিষয়টি পরিষ্কার বোঝা যাবে।

সাইফুল ইসলাম সজল, যশোর