কুমিল্লায় বাস উল্টে আহত ২০
কুমিল্লার চান্দিনা উপজেলায় বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আল-মামুন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জনকে ভর্তি করা হয়। তার মধ্যে তিনজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

কাজী রাশেদ, চান্দিনা