লাক্স কিনে সোনা পাওয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ
প্রচলিত আইন লঙ্ঘন করে লাক্স সাবান কিনে সোনার লকেট জিতে নেওয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে ইউনিলিভার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
একই সঙ্গে প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচারের জন্য ইউনিলিভার কর্তৃপক্ষের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৪(বি) ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
এ বিষয়ে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, দণ্ডবিধির আইন অনুযায়ী পণ্য বিক্রির জন্য প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করা নিষিদ্ধ। দণ্ডবিধি আইনের ২৯৪(বি) ধারায় বলা হয়েছে, প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে ছয় মাসের জেল ও জরিমানার কথাও বলা হয়েছে।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু এনটিভি অনলাইনকে বলেন, ‘জনস্বার্থে এক রিটের পরিপ্রেক্ষিতে আজ আদালত একটি আদেশ দিয়েছেন। আদেশে প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে ইউনিলিভার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’
এর আগে ইউনিলিভারের ওই বিজ্ঞাপনসংবলিত একটি দৈনিক পত্রিকার অনুলিপি যুক্ত করে হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট মো. আবদুল মতিন। আবেদনে তিনি উল্লেখ করেন, ‘প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করা প্রচলিত আইনবিরোধী অপরাধ। মানুষকে প্রতারণার মাধ্যমে এসব পণ্য কেনার জন্য প্রলোভন তৈরি করা হয়। এতে করে অনেক সাধারণ মানুষ সোনার লকেটের আশায় এ পণ্য কিনতে আগ্রহী হয়ে ওঠে। তাই প্রচলিত আইনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ আদালত তাঁর আবেদন গ্রহণ করে বিজ্ঞাপন বন্ধ করার পাশাপশি রুল জারি করেন।

নিজস্ব প্রতিবেদক