দুর্ঘটনার কবলে বেনাপোল বন্দরের গাড়ি, চালক নিহত
যশোরের শার্শা উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছে বেনাপোল বন্দরের উপপরিচালকের গাড়ি। এতে গাড়িচালক জাহিদুল ইসলাম (৪০) মারা গেছেন। উপপরিচালক আমিনুল ইসলাম ও তাঁর দেহরক্ষী সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল-যশোর সড়কের উপজেলার শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল সাতক্ষীরা সদর উপজেলার মোতালেব হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে উপপরিচালক আমিনুল ইসলাম বন্দরের একটি জিপে করে যশোর যাচ্ছিলেন। পথে শ্যামলাগাছি এলাকায় বিপরীতে দিক থেকে আসা কলকাতা-ঢাকা-আগরতলা পথের যাত্রীবাহী বাস জিপটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই জিপের চালক মারা যান। স্থানীয়রা আহতাবস্থায় উপপরিচালক আমিনুল ইসলাম ও তাঁর দেহরক্ষী আনসার সদস্য সাইফুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পরে বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতা-ঢাকা-আগরতলা পথের বাসটির চালক বিশ্বজিতকে আটক করে বলে জানান ওসি।

মহসিন মিলন, বেনাপোল