হেফাজত শেষে এমপিপুত্র রনি কারাগারে
রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে এলোপাতাড়ি গুলি ছুড়ে দুজন নিহতের ঘটনায় করা মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস আওয়ামী লীগের সংসদ সদস্য পিনু খানের ছেলে রনিকে তৃতীয় দফায় দুদিনের হেফাজত (রিমান্ড) শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে, রনির পক্ষে তাঁর আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু জামিন চেয়ে আবেদন করেন। বিচারক শুনানি শেষে রনির জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে আজ আদালতে শুনানি করেন সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) মাহমুদুর রহমান। তিনি বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
মাহমুদুর রহমান বলেছেন, আজ রনির পক্ষে জামিন চাওয়া হলে বিচারক সিডব্লিউ মূলে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে রনি আজ আদালতে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
এর আগে গত ৩০ জুন একই বিচারক রনিকে তৃতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান। রনি এ পর্যন্ত ১০ দিনের রিমান্ডে ছিলেন।
বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে। তাঁর বাবা মৃত শাসছুজ্জামান।
মামলার বিবরণে জানা যায়, ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।
এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা করেন।
পরে গত ২৪ মে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)।
তদন্তভার পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

নিজস্ব সংবাদদাতা