কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণে চীনের সঙ্গে চুক্তি
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নির্মাণ প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চীনের পরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ৭০৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এ টানেল নির্মাণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চীনের পরিবহনমন্ত্রী ইয়াং চুয়ানতাগ উপস্থিত ছিলেন।
এ সময় বেইজিং সফররত পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য দীপু মনিও উপস্থিত ছিলেন।
চুক্তিপত্রে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং সিসিসিসির চেয়ারম্যান লিউ কুইতাও নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদলের মাঝে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় দুই দেশের মন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
দ্বিপক্ষীয় আলোচনায় সেতুমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে সড়ক, সেতু, বিদ্যুৎ ও কৃষিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্থায়নের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কর্ণফুলী টানেল চট্টগ্রাম অঞ্চলের মানুষের স্বপ্নের প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে চট্টগ্রামসহ দেশের অর্থনীতির চালচিত্র।
এ সময় বেইজিংয়ে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচলক রুহুল আমিন সিদ্দিক, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমদসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক