ভারত থেকে বাংলাদেশে ফিরলেন পাচারের শিকার ১৯ নারী
চাকরির প্রলোভনে পড়ে ভারতে গিয়ে আটক হওয়ার দুই বছর পর দেশে ফিরল ১৯ বাংলাদেশি নারী। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। এরা ভারতের মুম্বাই শহরের পুনে এলাকার রেসকিউ ফাউন্ডেশনের হেফাজতে ছিল।
আজ বুধবার রাতে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে।
ফেরত আসা নারীদের বাড়ি যশোর, নড়াইলে, মাদারীপুর, নরসিংদী, কুমিল্লা, জামালপুর, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্তের অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরত আসে । ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হন্তান্তর করেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফেরত আসা নারীদের ঢাকার আহছানিয়া মিশন নামের একটি এনজিও তাদের নিজেদের হেফাজতে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেবে।

মহসিন মিলন, বোনপোল