ছাত্রলীগের কোন্দল দূর করার আহ্বান সভাপতির
ছাত্রলীগের তৃণমূলে বিভেদ ও কোন্দল দূর করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।
আজ সোমবার দুপুরে ছাত্রলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় তৃণমূলের নেতাকর্মীদের প্রতি সোহাগ এ আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে না পারলে কেন্দ্র তাতে হস্তক্ষেপ করবে।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রথমবারের মতো এ প্রতিনিধি সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী ও সরকারের ধারাবাহিক সাফল্য শিক্ষার মান উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণ, গণতন্ত্র ও সুশাসনের কথা গ্রামেগঞ্জে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত থাকায় কোনো প্রতিনিধি অংশ নিতে পারেনি।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম